ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনার ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ভবনে মাইকোলজি, বায়োটেকনোলজি ও সাসটেইনেবল এনভায়রনমেন্ট এর ওপর এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিভাগটির চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা তাদের গবেষণাভিত্তিক প্রজেক্টের বিষয়বস্তু, গবেষণার উদ্দেশ্য ও প্রাপ্ত ফলাফল পোস্টারের মাধ্যমে উপস্থাপন করেন। প্রজেক্ট পোস্টার প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের একাডেমিক গবেষণাকর্ম উপস্থাপন, গবেষণার ফলাফল বিনিময় এবং বৈজ্ঞানিক উপস্থাপনা দক্ষতা প্রদর্শনের সুযোগ পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আতিকুর রহমান। বিভাগটির সভাপতি অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামালের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই বিভাগের অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীনের বেইজিং ফরেস্ট্রি ইউনিভার্সিটির স্কুল অব ইকোলজি অ্যান্ড নেচার কনজারভেশন এর অধ্যাপক ড. হে শুয়াংহুই। রিসোর্স পার্সন হিসেবে ছিলেন চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব মাইক্রোবায়োলজির সহযোগী অধ্যাপক ড. লিউ শি-লিয়াং।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক ও রিসোর্স পারসন তাদের গবেষণার অভিজ্ঞতা এবং গবেষণা ক্ষেত্রের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি তারা আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনার আগ্রহ প্রকাশ করেন। এ সময় তাঁরা চীনে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
মন্তব্য করুন