ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণও যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলে দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন ট্রাম্প। তাঁর বক্তব্যের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
ভাষণে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জীবনযাত্রায় চলমান যুদ্ধের প্রভাবের বিষয়টি নাকচ করেন মার্কিন প্রেসিডেন্ট। বরং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির জন্য আগের প্রশাসনগুলোর পরিবেশবান্ধব নীতিকে দায়ী করেন তিনি। ট্রাম্পের দাবি, বর্তমান প্রশাসনের পদক্ষেপে খাদ্যসহ বিভিন্ন পণ্যের দাম দ্রুত কমতে শুরু করেছে।
তেলের দাম নিয়েও আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। তাঁর ভাষ্য, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হওয়ার পর তেলের দাম দ্রুত কমে আসবে।
ট্রাম্প বলেন, “আমরা যুদ্ধে জিতব। আমরা জিতছি। হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে।”
এ সময় ইরান ও ওমান উপসাগরের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাবও দেন তিনি। এ ধরনের নামকরণে ইরানের নেতৃত্ব ‘খুব খুশি’ হবে বলেও রসিকতা করেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরানকে দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারকারী দেশ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, গত ৫১ বছর ধরে দেশটি ওই অঞ্চলে আধিপত্য বিস্তারের চেষ্টা করলেও বর্তমানে সেই অবস্থান আর নেই।
তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে—ট্রাম্পের এই দাবির পক্ষে তাঁর ভাষণে কোনো বিস্তারিত তথ্য বা নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি।
মন্তব্য করুন