এনসিপি থেকে কেন্দ্রীয় নেতা তনু অব্যাহতি, ৩ দিনের মধ্যে শোকজের জবাব দেওয়ার নির্দেশ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনুকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছে দলটি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, আগামী তিন কার্যদিবসের মধ্যে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার লিখিত ব্যাখ্যা শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে জমা দিতে হবে।

দলীয় সিদ্ধান্তের বিষয়ে মুখ খুলেছেন অব্যাহতিপ্রাপ্ত নেতা আহমেদুর রহমান তনু। তিনি দাবি করেন, দলের সাম্প্রতিক কিছু ভুলভ্রান্তি নিয়ে প্রশ্ন তোলা এবং অন্য একটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হওয়াই তার জন্য কাল হয়েছে।

তনু সংবাদমাধ্যমকে বলেন, “‘অল্টারনেটিভ’ নামের একটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হওয়া এবং সবশেষ দলীয় মিটিংয়ে দলের বিভিন্ন ভুল নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম। হয়তো সে কারণেই আমাকে এই শাস্তি দেওয়া হয়েছে। তবে বিষয়টি আমাকে ব্যক্তিগতভাবে জানানো যেত, এভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে নয়।”

৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে গঠিত এই নতুন দলটির অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় এমন কঠোর অবস্থান নেওয়া হয়েছে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *