নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সম্মাননা, ফুটবল প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদন মোহন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে শিক্ষক এবং অভিভাবকদের যৌথ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধা বিকাশের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সহায়তা করে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী এবং বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার জহিরুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও মেধা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি বার্ষিক ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আনন্দঘন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মন্তব্য করুন