রাজধানীর ৩টি শিশু পরিবারে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী ডাঃ জাহিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন আজ পবিত্র ঈদুল ফিতরের দিনে রাজধানীর সরকারি শিশু পরিবারগুলো পরিদর্শন করেছেন। দুপুরে মন্ত্রী মিরপুর শিশু পরিবার (বালক), তেজগাঁও শিশু পরিবার (বালিকা) এবং আজিমপুর ছোটমণি নিবাসে যান। পরিদর্শনকালে মন্ত্রী বলেছেন, আমাদের সমাজে পিতৃ-মাতৃহীন পরিত্যক্ত শিশু, দাবিদারহীন উদ্ধারকৃত বিপন্ন শিশু, দাবিদার হীন হাসপাতাল থেকে আসা, শিশুদের গ্রহণ ও রক্ষণাবেক্ষণ এবং মাতৃ স্নেহে লালন পালন করা শিশুদের বেড়ে ওঠার জন্য আমাদের যেমন করনীয় আছে তেমনি এ সমাজে অনেক বিত্তবান মানুষ আছে তাদেরও করণীয় আছে। মন্ত্রী সমাজের উচ্চবিত্তদের এসব সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগে একসঙ্গে কাজ করলে শিশুদের জন্য বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
মন্ত্রী আজ ঢাকায় পবিত্র ঈদুল ফিতরের দিনে আজিমপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ধীন ছোটমণি নিবাস পরিদর্শনকালে এ কথা বলেন।
এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ছোট বাচ্চাদের দায়িত্ব নেওয়া, লালন পালন করা খুবই কঠিন। তাদের সেবাযত্নের প্রতি নজর দেওয়ার তাগিদ দেন। নিজের বাড়িতে যে বাচ্চাটি মানুষ হয় এখানেও একই ভাবে তাদের সেবা যত্ন দিয়ে গড়ে তুলতে হবে।
পরিদর্শনকালে তিনি বাচ্চাদের খোঁজখবর নেন, তাদের কোলে নেন এবং আদর করেন। এ সময় তিনি শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। তাদের খাওয়া-দাওয়া, চিকিৎসা সেবা এবং সার্বিক অবস্থার সঙ্গে পরিচ্ছন্নতা ও খাবারের মান পরীক্ষা করেন। এ সময় তিনি বলেন, বাচ্চাদের নিউট্রেশন এবং রোগে আক্রান্ত থেকে রক্ষা পেতে বাচ্চাদের খাবার ,ওষুধ ঠিকমত খাওয়াতে হবে, সকল বিছানা কাপড় গরম পানিতে সিদ্ধ করে ধৌত করতে হবে তাহলে বাচ্চাদের রোগ বালাই আক্রান্ত করতে পারবে না।
এছাড়া তিনি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, পরিবেশ ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *