নোয়াখালীর সদর উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে রবিউল হোসেন (১৯) নামে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। এর আগে, গত সোমবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার নেওয়াজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রবিউল হোসেন নেওয়াজপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, তার মেয়ে আগে মাদ্রাসায় পড়াশোনা করত, তবে বর্তমানে তা বন্ধ রয়েছে। একই বাড়ির রবিউল দীর্ঘদিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল।
ঘটনার বিবরণ দিয়ে তিনি অভিযোগ করেন, গত সোমবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় তার মেয়ে। বাথরুম থেকে ঘরে ফেরার পথে রবিউল তাকে জোরপূর্বক রান্নাঘরে নিয়ে ধর্ষণ করে। রাতে বাজার থেকে ফিরে মেয়ের চালচলনে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কিশোরী ধর্ষণের বিষয়টি প্রকাশ করে। পরবর্তীতে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে অভিযুক্তের পরিবার ঘটনাটি অস্বীকার করে এবং উল্টো তাদের গালিগালাজ করে।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রবিউল হোসেনের নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, “ভুক্তভোগী পরিবার থানায় এসেছে এবং কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আর/কে
মন্তব্য করুন