নোয়াখালীতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি রবিউল প্রকাশ কালুকে (১৯) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
গতকাল বুধবার (১৪ অক্টোবর ) রাতে এসআরবি-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নোয়াখালী জেলার কবিরহাট থানাধীন ধান শালিকায় এক আত্নীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত রবিউল প্রকাশ কালু (১৯) নোয়াখালী জেলার সুধারাম থানার ১১ নং নেওয়াজপুর ইউনিয়নের ধন্যপুর এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে।
ঘটনার বিবরণী ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। অভিযুক্ত রবিউল দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। গত ৫ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১১:০০ ঘটিকায় সুধারাম মডেল থানাধীন ধন্যপুর এলাকায় ভিকটিমের নিজ বাড়ির রান্নাঘরের ভেতর ঢুকে অভিযুক্ত রবিউল তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে নোয়াখালীর সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত রবিউল আত্মগোপনে ছিল।
এসআরবি-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানী কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) মিথুন কুমার কুণ্ডু জানান, অপরাধীদের গ্রেপ্তার ও নারী-শিশু নির্যাতন দমনে এসআরবি শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করে আসছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলার সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন