ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা দুই ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে একই জার্সিতে দেখার দীর্ঘদিনের যে লালিত স্বপ্ন ফুটবলপ্রেমীদের মনে রয়েছে, তা সত্যি হতে চলেছে। বোকা জুনিওয়ার্স ও আর্জেন্টিনার সাবেক কিংবদন্তি ফরোয়ার্ড কার্লোস তেভেজের উদ্যোগে এক অনন্য প্রদর্শনী ম্যাচে একই দলে খেলতে পারেন এই দুই মহাতারকা।
গোল ডটকম ও ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মেরকাতো’র বরাত দিয়ে জানা গেছে, আর্জেন্টিনার বুয়েনস আইরেসের ঐতিহাসিক ‘লা বোম্বোনেরা’ স্টেডিয়ামে আয়োজিত বিশেষ প্রদর্শনী ম্যাচে মেসি ও রোনালদোকে একই একাদশে নামানোর পরিকল্পনা করেছেন তেভেজ।
দুই মহাতারকার সাথে খেলার বিরল অভিজ্ঞতা:
কার্লোস তেভেজ ফুটবল বিশ্বের হাতে গোনা কয়েকজন ফুটবলারদের একজন, যিনি ক্যারিয়ারে মেসি ও রোনালদো—উভয়ের সাথেই ড্রেসিংরুম শেয়ার করার বিরল সৌভাগ্য অর্জন করেছেন। জাতীয় দল আর্জেন্টিনার হয়ে মেসির পাশাপাশি ফরোয়ার্ডে খেলেছেন তিনি; অন্যদিকে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে তৈরি করেছিলেন দুর্দান্ত আক্রমণভাগ।
এক টেলিভিশন সাক্ষাৎকারে উচ্ছ্বসিত তেভেজ বলেন, “আমার সব সময়ের স্বপ্ন ছিল ক্রিশ্চিয়ানো ও লিওকে একই দলে খেলতে দেখা। আমি দুজনের সাথেই যোগাযোগ করেছি। রোনালদোকে বলেছিলাম—’আমি চাই তুমি ও মেসি একই দলে খেলো, যেন পুরো বিশ্ব এই জাদুকরী মুহূর্ত অন্তত একবার হলেও একসাথে দেখতে পায়।’ সে সঙ্গে সঙ্গে রাজি হয়েছে। আর লিকেও রাজি করানো কঠিন ছিল না।”
ফুটবল ইতিহাসের অবিস্মরণীয় প্রদর্শনী:
গত প্রায় দুই দশক ধরে বিশ্ব ফুটবল শাসন করা মেসি ও রোনালদোর তীব্র প্রতিদ্বন্দ্বিতা গোটা বিশ্বকে দুভাগে বিভক্ত করে রেখেছে। ক্লাব বা জাতীয় দলের হয়ে একে অপরের মুখোমুখি অসংখ্যবার হলেও একই ক্লাবে বা প্রদর্শনী ম্যাচে তাদের এক সাথে খেলা কখনোই দেখা যায়নি।
যদি সত্যিই তেভেজের উদ্যোগ সফল হয় এবং বুয়েনস আইরেসের মাঠে দুই মহাতারকা একই জার্সিতে বল পায়ে নামেন, তবে তা বিশ্ব ক্রীড়া ইতিহাসের অন্যতম চিরস্মরণীয় অধ্যায় হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
মন্তব্য করুন