লিওনেল মেসির প্রভাব কেবল একটি নির্দিষ্ট বয়সের ফ্রেমে আটকে নেই। বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও নতুন প্রজন্মের খুদে ফুটবলপ্রেমীদের কাছে তিনি এক মহীরূহ ও অফুরন্ত অনুপ্রেরণার প্রতীক। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ তেমনই এক হৃদয়স্পর্শী ভিডিও পোস্ট করেছে, যা ইতোমধ্যে ক্রীড়াবিশ্বে দারুণ সাড়া ফেলেছে।
ভিডিওতে দেখা যায়, ম্যাচ শুরুর আগে আর্জেন্টাইন মহাতারকার হাত ধরে মাঠে নামার বিরল সুযোগ পায় এক খুদে সমর্থক। তবে পাশে যে সাক্ষাৎ ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি নিজে দাঁড়িয়ে আছেন—সেটি যেন প্রথম দিকে কিছুতেই বিশ্বাস হচ্ছিল না তার।
খুদে এই ভক্তের চেহারার মুগ্ধতা ভরা ভাবই বলে দিচ্ছিল, পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষটি বুঝি সে-ই। মুহূর্তটি কি সত্য নাকি কোনো মিষ্টি স্বপ্ন—তা নিশ্চিত হতে বারবার আড়চোখে পাশে থাকা মেসির দিকে তাকাচ্ছিল সে। আর দূরন্ত সেই মুহূর্ত লক্ষ্য করে মহাতারকা মেসিও মিষ্টি এক হাসিতে মাথা নেড়ে স্নেহভরে অভয় দেন তাকে।
নিজের সেরা আইডলের কাছ থেকে পাওয়া এই ভালোবাসা ও অভয় সেই খুদে সমর্থকদের জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে, যা সে কোনোদিনই ভুলবে না।
সূত্র: মার্কা
মন্তব্য করুন