স্প্যানিশ ফুটবলে আবারও মালিক হিসেবে যুক্ত হতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলার পাশাপাশি এবার স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিকানা নেওয়ার পথে রয়েছেন তিনি।
আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এলদেনসে কেনার বিষয়ে মেসি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন। তবে ক্লাবটির আর্থিক ও আইনি বিষয় যাচাই-বাছাই এবং স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের অনুমোদনের পরই চুক্তিটি চূড়ান্ত হবে।
স্পেনে এটি হতে যাচ্ছে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে চলতি বছরের শুরুতে স্প্যানিশ পঞ্চম বিভাগের ক্লাব কর্নেয়ার মালিকানা নেন তিনি। কর্নেয়া আধা-পেশাদার দল হওয়ায় এলদেনসে হবে স্পেনে মেসির মালিকানাধীন প্রথম পূর্ণাঙ্গ পেশাদার ক্লাব।
শুধু স্পেনেই নয়, উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএমেরও আংশিক মালিকানায় রয়েছেন মেসি। ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে যৌথভাবে ক্লাবটির মালিকানায় যুক্ত আছেন তিনি।
১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসের ফুটবল ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয়। দীর্ঘ সময় নিচের সারির লিগে কাটানোর পর ১৯৬৪ সালের পর ২০২৩ সালে প্রথমবারের মতো দ্বিতীয় বিভাগে ওঠে ক্লাবটি। এবারের গ্রীষ্মেও দলটি দ্বিতীয় বিভাগে জায়গা করে নেয়।
তবে নতুন মৌসুমের শুরুটা ভালো হয়নি এলদেনসের। চার ম্যাচের কোনোটিতেই জয় পায়নি দলটি। এরই মধ্যে প্রধান কোচ ক্লদিও বারাগানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
৫ হাজার ৭৭৬ দর্শক ধারণক্ষমতার নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়ামকে ঘিরে থাকা ক্লাবটি বর্তমানে কলম্বিয়ার বিনিয়োগ প্রতিষ্ঠান গ্রুপো টিএইচের মালিকানাধীন।
স্প্যানিশ ফুটবলের নিয়ম অনুযায়ী, ভিন্ন দুই বিভাগের ক্লাব হওয়ায় আপাতত কর্নেয়া ও এলদেনসে—দুই দলের মালিকানা নিয়ে মেসির সামনে তাৎক্ষণিক কোনো আইনি বাধা নেই। তবে ভবিষ্যতে কর্নেয়া দ্বিতীয় বিভাগে উঠে এলে একাধিক ক্লাবে সংখ্যাগরিষ্ঠ মালিকানা নিয়ে জটিলতা তৈরি হতে পারে।
এলদেনসের বর্তমান কঠিন সময়ের মধ্যে মেসির সম্ভাব্য মালিকানা ক্লাবটির জন্য নতুন বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন ও ভবিষ্যৎ সাফল্যের আশার আলো দেখাচ্ছে।
মন্তব্য করুন